শারদ উৎসবের আগে মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে উদ্যোগ, ব্যবসায়ীদের সঙ্গে ট্রাফিক দপ্তরের বৈঠক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর || আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণ এবং ট্রাফিক বিধি মেনে চলা নিশ্চিত করতে বাজার ব্যবসায়ীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করল ট্রাফিক দপ্তর।
মহারাজগঞ্জ বাজারে প্রতিদিনই ছোট, মাঝারি ও বড় বিভিন্ন ধরনের যানবাহনের চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়। উৎসবের মরশুমে বাজারে ক্রেতা-বিক্রেতাদের ভিড় আরও বাড়ার সম্ভাবনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ নেওয়ার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে বাজার এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, রাস্তার উপর যানবাহন দাঁড় করিয়ে না রাখা এবং ট্রাফিক বিধি মেনে চলার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়। পাশাপাশি যানজট এড়াতে ব্যবসায়ীদের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়।
ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর জানান, মহারাজগঞ্জ বাজারে প্রায়ই বিভিন্ন ধরনের যানবাহন জ্যামে আটকে পড়ে। একইসঙ্গে অনেক ক্ষেত্রে ট্রাফিক বিধি লঙ্ঘনের ঘটনাও দেখা যায়। শারদ উৎসবের সময় বাজারে মানুষের ভিড় ও যানবাহনের চাপ আরও বাড়তে পারে। তাই আগেভাগেই ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থা আরও সুষ্ঠু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শারদ উৎসবের দিনগুলিতে মহারাজগঞ্জ বাজারে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন এবং যান চলাচল স্বাভাবিক থাকে, সেই লক্ষ্যেই ট্রাফিক দপ্তরের এই উদ্যোগ বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*