প্রখর রোদ উপেক্ষা করে বনবাজার ও আশারামবাড়ীতে এনডিএ প্রার্থীদের সমর্থনে বিজেপির ঝড়ো প্রচার

গোপাল সিং, খোয়াই, ২৩ সেপ্টেম্বর || আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলার তুলাশিখর আরডি ব্লকের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার ক্রমশ জোরদার হচ্ছে। বুধবার প্রখর রোদ উপেক্ষা করে বনবাজার ও আশারামবাড়ী ভিলেজ কমিটিতে এনডিএ জোটের প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি জনসংযোগ ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তুলাশিখর ব্লকের বনবাজার ভিলেজ কমিটির ৩ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর আসনে এনডিএ জোটের বিজেপি মনোনীত প্রার্থী দীপালি চাষার সমর্থনে ব্যাপক জনসংযোগ চালানো হয়। প্রচণ্ড দাবদাহের মধ্যেও দলীয় নেতৃত্ব ও কর্মীরা গ্রামজুড়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং প্রার্থীর পক্ষে সমর্থন ও আশীর্বাদ প্রার্থনা করেন। এ সময় ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে বনবাজার এলাকা।
এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সহ-প্রভারী প্রশান্ত সিনহা, জেলা সহ-সভাপতি সঞ্জীব দেববর্মা, জেলা কোষাধ্যক্ষ সাগর দেব-সহ অন্যান্য জেলা ও স্থানীয় স্তরের কার্যকর্তারা। দলীয় নেতৃত্বের দাবি, জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও আশীর্বাদ তাঁদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।
অন্যদিকে, একই ব্লকের আশারামবাড়ী ভিলেজ কমিটিতেও এনডিএ জোট তথা বিজেপি মনোনীত প্রার্থী গৌতম কর ও শুক্লা দাসের সমর্থনে জোরদার প্রচার চালানো হয়। পদ্ম প্রতীকে তাঁদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করেন বিজেপির নেতা-কর্মীরা।
বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর দাসের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কোষাধ্যক্ষ সাগর দেব, জেলা সহ-সভাপতি সঞ্জীব দেববর্মা, যুব নেতা পরিমল দেবনাথ-সহ অঞ্চল ও মণ্ডল স্তরের অন্যান্য কার্যকর্তারা।
প্রচার চলাকালীন দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে নেতৃত্ব ও কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, শান্তি ও গ্রামীণ সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে এনডিএ প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানান। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে তুলাশিখর ব্লকের বিভিন্ন এলাকায় এভাবেই রাজনৈতিক দলগুলির প্রচার ও জনসংযোগ কর্মসূচি ক্রমশ তীব্র হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*