প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলায় ঐক্য সাইক্লিং র‍্যালি, বৃক্ষরোপণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর || সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলায় অনুষ্ঠিত হল ‘ঐক্য সাইক্লিং র‍্যালি’ ও বৃক্ষরোপণ কর্মসূচি। আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশন (ACF)-এর উদ্যোগে এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহায়তায় আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১০০ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। কর্মসূচির মাধ্যমে জাতীয় ঐক্য, সংহতি, পরিবেশ সচেতনতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়।
সোমবার সকালে উইমেন্স কলেজ, আগরতলা থেকে সাইক্লিং র‍্যালির সূচনা হয়। আনুষ্ঠানিকভাবে র‍্যালির উদ্বোধন করেন উইমেন্স কলেজের অধ্যক্ষ শ্রীমতী সঞ্চিতা রিয়াং এবং TIT কলেজের ড. ধনঞ্জয় দে। জাতীয় পতাকা, সর্দার বল্লভভাই প্যাটেলের ছবি এবং বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে সাইক্লিস্টরা র‍্যালিতে অংশ নেন।
র‍্যালির পাশাপাশি উইমেন্স কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচির। অংশগ্রহণকারী সাইক্লিস্টরা নিজেরাই কলেজ চত্বরে বিভিন্ন স্থানে চারা গাছ রোপণ করেন। পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অংশগ্রহণকারী সাইক্লিস্টদের উৎসাহিত করতে তাঁদের হাতে স্মারক হিসেবে পানীয় জলের বোতল, শংসাপত্র ও ট্রফি তুলে দেওয়া হয়। পরে তাঁদের জন্য জলখাবারেরও ব্যবস্থা করা হয়।
জাতীয় পতাকা হাতে প্রায় ১০০ জন সাইক্লিস্টের অংশগ্রহণে র‍্যালিকে ঘিরে আগরতলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাইক্লিংয়ের মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনযাপনের পাশাপাশি পরিবেশবান্ধব যাতায়াতের গুরুত্বও তুলে ধরা হয়।
সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ঐক্য, পরিবেশ রক্ষা এবং সক্রিয় নাগরিকত্বের প্রতি মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*