‘নিরাপদ সড়ক, সুরক্ষিত জীবন’—আগরতলায় জেলা-স্তরের সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর || সড়ক দুর্ঘটনা রোধে মানুষের মধ্যে সচেতনতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহমর্মিতা গড়ে তোলার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘জেলা-স্তরের সড়ক নিরাপত্তা সচেতনতা ও সংবেদনশীলতা কর্মসূচি’। রাজ্য অতিথিশালা ‘সোনার তরী’-তে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী। মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী বলেন, সড়কে প্রতিটি মানুষের জীবন অমূল্য। তাই দুর্ঘটনা রোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি করা। যানবাহন চালানোর সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার করা এবং নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানোর মতো বিষয়গুলির প্রতি প্রত্যেককে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, পথচারীদের প্রতিও চালকদের দায়িত্বশীল ও সংবেদনশীল আচরণ করা প্রয়োজন। সচেতনতার ছোট ছোট পদক্ষেপই বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সড়ক নিরাপত্তাকে আরও কার্যকর করতে সকলকে সম্মিলিতভাবে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে। নিজের নিরাপত্তার পাশাপাশি অন্যের জীবনকেও সমান গুরুত্ব দিয়ে সড়ক ব্যবহারের বার্তা দেওয়া হয়।
কর্মসূচি থেকে মূল বার্তা উঠে আসে—‘সচেতন চালক, দায়িত্বশীল পথচারী—গড়ে তুলবে নিরাপদ সড়ক।’ নিরাপদ সড়ক ও নিরাপদ আগামী গড়ে তুলতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*