গোপাল সিং, খোয়াই, ২৩ সেপ্টেম্বর || সাংবাদিকের বাড়িতে ইট-পাটকেল ছোড়া এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মনগর থানার অন্তর্গত দেওয়ানপাশা এলাকায় সাংবাদিক ঊর্মি করের বাসভবনে একদল দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় সাংবাদিক ঊর্মি কর বাড়িতে ছিলেন না। বাড়ির গেট বন্ধ থাকায় বাইরে থেকেই একদল দুষ্কৃতী বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। সেই সময় বাড়ির ভিতরে থাকা তাঁর সন্তান আতঙ্কের মধ্যে পড়ে বলে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলাকারীরা একজন স্থানীয় বিধায়কের নাম উল্লেখ করে হুমকিসূচক মন্তব্য করে। প্রত্যক্ষদর্শী হিসেবে পরিবারের সদস্যের দাবি, দুষ্কৃতীরা বলে—“দেওয়ানপাশা ৩ নম্বর ব্রিজে ‘এমএলএ কাকু’ দাঁড়িয়ে আছেন, তাঁর কাছে গিয়ে তোর মাকে ক্ষমা চাইতে বল।” পাশাপাশি ‘বেশি বাড়াবাড়ি করলে উড়িয়ে দেওয়া হবে’ বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অন্যায়ের প্রতিবাদ এবং সংবাদ পরিবেশনের জেরেই এই হামলা ও হুমকি দেওয়া হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে হামলার সঙ্গে কোনো রাজনৈতিক ব্যক্তি বা জনপ্রতিনিধির সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয় এবং বিষয়টি তদন্তসাপেক্ষ।
ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে হামলার নেপথ্যে কারা রয়েছে তা চিহ্নিত করার দাবি উঠেছে। একই সঙ্গে সাংবাদিক ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সাংবাদিক মহলের একাংশ।
সাংবাদিকদের বক্তব্য, হামলা, হুমকি বা ভয় দেখিয়ে সংবাদমাধ্যমের স্বাধীন কণ্ঠ রোধ করা যায় না। আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের তদন্তের দিকেই এখন নজর রয়েছে।
