আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর || রাজ্যের বরিষ্ঠ চিত্র সাংবাদিক বিকাশ কোলে (৭৯) আর নেই। মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে রাজ্যের সাংবাদিক ও চিত্র সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বিকাশ কোলে। হৃদ্যন্ত্রে সংক্রমণের কারণে তাঁর চিকিৎসা চলছিল এবং হৃদ্যন্ত্রে স্টেন্ট বসানোর উদ্যোগও নেওয়া হয়েছিল। এরই মধ্যে বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাঁকে দ্রুত জিবি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিকাশ কোলে রাজ্যের চিত্র সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বিশেষ করে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (TPJA)-এর সদস্যদের কাছে তিনি ছিলেন একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। তাঁর অভিজ্ঞতা ও পরামর্শ নতুন প্রজন্মের চিত্র সাংবাদিকদের পথ দেখিয়েছে।
বিকাশ কোলের মৃত্যুতে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে TPJA।
মৃত্যুকালে তিনি স্ত্রী, মেয়ে ও জামাতাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণমুগ্ধকে রেখে গেছেন। তাঁর প্রয়াণে রাজ্যের সংবাদমাধ্যম জগতে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।
