আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে কুয়াইফাং বাজারে তিপ্রামথা পার্টির মহা সমাবেশ, উপস্থিত বিধায়ক রঞ্জিত দেববর্মা

গোপাল সিং, খোয়াই, ২৪ সেপ্টেম্বর || আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনীতিতে উত্তাপ এক লাফে অনেকটাই বেড়ে গেল। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঐতিহ্যবাহী কুয়াইফাং বাজারে তিপ্রামথা পার্টির উদ্যোগে এক বিশাল নির্বাচনী রেলি ও বাজার সভা অনুষ্ঠিত হয়। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের হেভিওয়েট বিধায়ক রঞ্জিত দেববর্মার উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় ও উচ্ছ্বাস নজর কাড়ে। এদিনের এই বর্ণাঢ্য মিছিলে সংলগ্ন বিভিন্ন গ্রাম ও পাহাড়িয়া অঞ্চল থেকে বিপুল সংখ্যক জাতি-জনজাতির মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা আসন্ন নির্বাচনে মথা শিবিরের জয়ের পথকে আরও সুগম করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সমাবেশে উপস্থিত উপস্থিত জনতা একসুরে ‘বূবাগ্রা’ প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মার আদর্শকে সামনে রেখে তিপ্রামথা সমর্থিত প্রার্থীদের রেকর্ড সংখ্যক ভোটে জয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
রেলি শেষে কুয়াইফাং বাজারে আয়োজিত বিশেষ পথসভায় বক্তব্য রাখেন বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ দলের আঞ্চলিক শীর্ষ নেতৃত্বরা। গ্রামীণ স্তরে পাহাড়ি জনগণের অধিকার ও স্বাধিকার সুনিশ্চিত করতে এই ভিলেজ কমিটি নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন তারা। কুয়াইফাং বাজারের ব্যবসায়ী ও পথচলতি সাধারণ মানুষের মাঝে তিপ্রামথার এই সুবিশাল রাজনৈতিক শক্তি প্রদর্শন আগামী নির্বাচনের আগে দক্ষিণ জেলার নির্বাচনী সমীকরণকে এক নতুন মাত্রা দিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*