গোপাল সিং, খোয়াই, ২৫ সেপ্টেম্বর || উনা কোটি জেলার কুমারঘাটে নেশাবিরোধী অভিযানে মিলেছে এক বিশাল সাফল্য। গোপন সংবাদের ভিত্তিতে কুমারঘাট থানার অন্তর্গত আশ্রম পল্লী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী পিকলু বড়ুয়ার বাড়িতে গভীর রাত থেকে পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ বাহিনীর বিশাল দল অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় কাশি সিরাপ (এসকফ)। অভিযানে আটক করা হয়েছে ৩টি গাড়ি, বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ, একাধিক ভুয়ো নম্বর প্লেট এবং ঘটনাস্থল থেকেই ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় ২টো থেকে আশ্রম পল্লীর আরডি অফিস সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশে অবস্থিত পিকলু বড়ুয়ার বাড়িতে পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা ঘেরাও করে দফায় দফায় তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশি অভিযান চলাকালীন প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা ৩টি গাড়ি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নেশাসামগ্রী।
পুলিশ আধিকারিক মিডিয়াকে জানান, উদ্ধার হওয়া ১টি গাড়ি (নম্বর TR01BW0548) সহ অন্যান্য গাড়ি থেকে মোট ৩,০০০ বোতল নিষিদ্ধ এসকফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। আন্তর্জাতিক বা খোলা বাজারে উদ্ধারকৃত এই নেশাজাতীয় সামগ্রীর কালোবাজারি মূল্য ৩০ লক্ষাধিক টাকা বলে অনুমান করছে পুলিশ। তল্লাশি চলাকালীন গাড়িগুলি থেকে বেশ কিছু ভুয়ো নেমপ্লেট ও গাড়ির নম্বর প্লেটও বাজেয়াপ্ত করা হয়েছে, যা অপরাধ মূলক কাজে ব্যবহৃত হতো বলে ধারণা।
অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই পুলিশ ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হলেও, এই ঘটনার মূল চক্রী ও পাচারকাজে যুক্ত বাকি সদস্যরা এখনও পলাতক রয়েছে।উদ্ধারকৃত বিপুল পরিমাণ নেশাসামগ্রীর মূল উৎস কী, এত বিপুল পরিমাণ এসকফ কোথায় চালান করার পরিকল্পনা ছিল এবং এই প্রতিষ্ঠিত ব্যবসায়ীর আড়ালে কোনো আন্তর্জাতিক বা রাজ্যব্যাপী বড় ধরনের নেশা পাচার চক্র সক্রিয় রয়েছে কিনা—তা খতিয়ে দেখতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কুমারঘাট থানার পুলিশ। একের পর এক অভিযানে কুমারঘাট শহরে চরম উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে।
