দশরথ দেব মেমোরিয়াল কলেজে উদযাপিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী, একাত্ম মানবতাবাদ ও অন্ত্যোদয়ের আদর্শ স্মরণের আহ্বান

গোপাল সিং, খোয়াই, ২৫ সেপ্টেম্বর || বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আজ খোয়াইয়ের ঐতিহ্যবাহী দশরথ দেব মেমোরিয়াল কলেজের অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদায় মহামানব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত হয়। ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা এবং বহু ছাত্রছাত্রী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই আর. ডি. ব্লকের এস. সি. সাব-কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্ম্মা, অধ্যক্ষ, দশরথ দেব মেমোরিয়াল কলেজ নির্মল ভদ্র প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত অতিথিবর্গ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের বহুমুখী জীবন, ত্যাগ, দেশপ্রেম ও মহান রাজনৈতিক দর্শনের কথা স্মরণ করেন। বক্তারা উল্লেখ করেন যে, তাঁর উত্থাপিত ‘একাত্ম মানবতাবাদ’ এবং ‘অন্ত্যোদয়’ (সমাজের অন্তিম সারির মানুষের উত্থান)-এর ভাবনা আজ কেবল ইতিহাস নয়, বরং বর্তমান রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত প্রাসঙ্গিক। সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্রতম ব্যক্তির কাছে উন্নয়নের সুফল সুনিশ্চিত করাই ছিল তাঁর জীবনের মূল দর্শন। ছাত্রছাত্রী ও নতুন প্রজন্মের উদ্দেশ্যে বক্তারা আহ্বান জানান, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নৈতিকতা, মূল্যবোধ ও কর্তব্যবোধকে পাথেয় করে দেশ ও সমাজের কল্যাণ সাধনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে। বর্ণাঢ্য এই কর্মসূচির মধ্য দিয়ে খোয়াইয়ে উদযাপিত হলো এই মহান মনীষীর জন্মজয়ন্তী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*