বলরাম দেবনাথ, সাব্রুম, ১২ অক্টোবর || দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান ২.০ (PMAY-U 2.0) প্রকল্পের আওতায় ৫২ জন নাগরিকের হাতে ঘর নির্মাণের অনুমোদনপত্র ও ওয়ার্ক অর্ডার তুলে দেওয়া হলো। সোমবার সাব্রুম নগর পঞ্চায়েতের উদ্যোগে নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগীদের হাতে এই নথিপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস-সহ নগর পঞ্চায়েতের অন্যান্য সদস্য-সদস্যারা। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রকল্পের সুবিধাভোগী নাগরিকরা।
প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান ২.০ প্রকল্পের মূল লক্ষ্য হলো শহরাঞ্চলের যোগ্য পরিবারগুলিকে নিজস্ব পাকা বাড়ি নির্মাণের ক্ষেত্রে সহায়তা প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে সাব্রুমের ৫২ জন নাগরিকের নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ অগ্রগতি হলো। অনুমোদনপত্র ও ওয়ার্ক অর্ডার হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সুবিধাভোগীরা।
এদিনের কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রকল্পের আওতায় ৫২ জন নাগরিকের হাতে অনুমোদনপত্র ও ওয়ার্ক অর্ডার বিতরণ সম্পর্কে বক্তব্য রাখেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রমা পোদ্দার দে।
সরকারি আবাসন প্রকল্পের মাধ্যমে শহরাঞ্চলের যোগ্য নাগরিকদের আবাসনের সুযোগ সম্প্রসারণ এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাব্রুমে এই কর্মসূচির ফলে উপকৃত পরিবারগুলির মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
