মহিলা কৃষকদের আয় বৃদ্ধি ও কৃষিপণ্যের বিপণনে জোর, আগরতলায় TRESP-এর রাজ্যস্তরীয় কর্মশালা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর || ত্রিপুরার গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং মহিলা কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের বাজারজাতকরণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে উদ্যোগী হয়েছে ট্রেস্প (TRESP)। এই লক্ষ্যকে সামনে রেখে প্রকল্পের কৃষি ও উদ্যানপালন PIU-এর উদ্যোগে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীনে গত ৮ ও ৯ অক্টোবর আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো দু’দিনের রাজ্যস্তরীয় ফসল-পরবর্তী ব্যবস্থাপনা ও বিপণন প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় জেলা ও ব্লক স্তরের মোট ৭৮ জন আধিকারিক ও সংশ্লিষ্ট প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কর্মশালায় ফসল কাটার পর কৃষিপণ্যের যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনা, পরিকল্পিত ফসল উৎপাদন, ক্লাস্টারভিত্তিক কৃষির উন্নয়ন, ডিজিটাল বিপণন এবং কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। APEDA-সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং উৎপাদক গোষ্ঠীগুলিকে সরাসরি ক্রেতাদের সঙ্গে যুক্ত করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বাস্তবসম্মত দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফসল-পরবর্তী ব্যবস্থাপনা বিশেষজ্ঞ বিপ্লব মজুমদার এবং TRESP-এর কৃষি বিশেষজ্ঞ সুব্রত শিব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিকর্তা ড. পি. বি. জমাতিয়া।

এই কর্মশালার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো মাঠপর্যায়ে কর্মরত আধিকারিকদের দক্ষতা বৃদ্ধি করা, যাতে TRESP-এর আওতায় গঠিত মহিলা কৃষক উৎপাদক গোষ্ঠীগুলি (Producer Groups) তাদের উৎপাদিত কৃষিপণ্যের জন্য আরও বিস্তৃত বাজার খুঁজে পায়। পাশাপাশি, উৎপাদক গোষ্ঠীগুলিকে সরাসরি বিক্রির সুযোগ করে দেওয়া এবং কৃষিপণ্যের বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধির মাধ্যমে দীর্ঘমেয়াদি আয়ের পথ সুগম করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

প্রশিক্ষণের মাধ্যমে মহিলা কৃষকদের উৎপাদিত পণ্যের বাজারমূল্য ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আধুনিক বিপণন ব্যবস্থার সঙ্গে উৎপাদক গোষ্ঠীগুলির সংযোগ আরও সুদৃঢ় হবে এবং কৃষিপণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।

গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতা বৃদ্ধি, কৃষিকে লাভজনক জীবিকা হিসেবে গড়ে তোলা এবং মহিলা কৃষক উৎপাদয়ক গোষ্ঠীগুলিকে বাজারমুখী করে তোলার ক্ষেত্রে TRESP-এর এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। সংশ্লিষ্ট মহলের আশা, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ত্রিপুরার কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের পাশাপাশি মহিলা কৃষকদের আর্থিক ক্ষমতায়নের পথ আরও প্রশস্ত হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*