আগরতলায় পুলিশের ধারাবাহিক অভিযান, তিন দফায় উদ্ধার ২২৬ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ৬

গোপাল সিং, খোয়াই, ১১ অক্টোবর || পুজোর আগে রাজধানী আগরতলায় বেআইনি মদের কারবার ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পুলিশ। পুলিশ সুপারের নির্দেশে পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার ও তাঁর টিমের তৎপরতায় গোলবাজার এবং উত্তর গেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিনটি পৃথক অভিযানে মোট ২২৬ বোতল বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই অমলেশ দেববর্মার নেতৃত্বে পূর্ব আগরতলা থানার একটি দল গোলবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ৬৯ নম্বর টিই আইনের অধীনে বিভিন্ন ব্র্যান্ড ও মাপের মোট ৬৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, ইন্সপেক্টর বিকাশ দেববর্মার নেতৃত্বে পরিচালিত আরেকটি পৃথক অভিযানে গোলবাজার এলাকা থেকেই বিভিন্ন ব্র্যান্ডের আরও ৭৬ বোতল বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনাতেও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে পূর্ব ও পশ্চিম আগরতলা থানার ওসিদের উপস্থিতি ও তত্ত্বাবধানে উত্তর গেট এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। পুলিশ সুপারের নির্দেশে পরিচালিত এই অভিযানে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করে আরও ৮২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এই ঘটনায়ও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪৮ ঘণ্টায় পূর্ব আগরতলা থানার অভিযানে একাধিক সাফল্যের দাবি করেছে পুলিশ। বিদেশি মদ উদ্ধারের পাশাপাশি প্রায় ৬ কেজি গাঁজা উদ্ধার করে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। মাদক কারবারের অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। এছাড়া চারজন বাংলাদেশি নাগরিককে আটক করে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।
পুজোর আগে অবৈধ মদ ও মাদকদ্রব্যের কারবার রুখতে এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই ধারাবাহিক অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উৎসবের মরসুমে অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে রাখতে আগামী দিনেও এ ধরনের তল্লাশি ও নজরদারি অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*