বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ অক্টোবর || দুর্গাপূজার চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে এক অটোচালক, তাঁর ছেলে এবং অটোর অন্যান্য যাত্রীদের উপর হামলার অভিযোগ উঠল উত্তর জোলাইবাড়ির বাগানটিলা এলাকার একটি দুর্গাপূজা কমিটির সদস্যদের বিরুদ্ধে। শনিবার জোলাইবাড়ি ফাঁড়ি থানার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগকারী লক্ষ্মী মোহন ত্রিপুরার দাবি। ঘটনার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান। বর্তমানে তিনি তাঁর ছেলেকে নিয়ে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বীরচন্দ্র মনু সাপ্তাহিক বাজার সেরে নিজের ইলেকট্রিক অটো (নম্বর: TR-08-B-3569) নিয়ে বাড়ি ফিরছিলেন লক্ষ্মী মোহন ত্রিপুরা। তাঁর অভিযোগ, উত্তর জোলাইবাড়ির বাগানটিলা এলাকার দুর্গাপূজা কমিটির সদস্যরা জোলাইবাড়ি ফাঁড়ি থানার সংলগ্ন এলাকায় তাঁর অটোটি থামাতে বলেন। সেই সময় তিনি গাড়িটি রাস্তার পাশে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে পূজা কমিটির সদস্যরা তাঁর উপর হামলা চালান বলে অভিযোগ।
লক্ষ্মী মোহন ত্রিপুরার আরও অভিযোগ, ওই সময় অটোর মধ্যে থাকা তাঁর ছেলে এবং এক মহিলা যাত্রীর উপরও হামলা চালানো হয়। এই ঘটনায় তিনি ও তাঁর ছেলে আহত হয়েছেন বলে জানা গেছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি জোলাইবাড়ি ফাঁড়ি থানায় অভিযোগ জানিয়েছেন বলে সংবাদমাধ্যমের সামনে দাবি করেন।
অন্যদিকে, এই ঘটনায় অভিযুক্ত দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও স্পষ্টীকরণ পাওয়া যায়নি। ফলে ঘটনার প্রকৃত কারণ ও হামলার অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত নয়।
এখন দেখার বিষয়, অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে এবং তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য কতটা সামনে আসে।
