বলরাম দেবনাথ, সাব্রুম, ৩০ অক্টোবর || দক্ষিণ ত্রিপুরা জেলার সদর শহর বিলোনিয়ার সার্বিক উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। বন্যা নিয়ন্ত্রণ, পানীয় জল পরিকাঠামোর উন্নয়ন, ওয়্যারহাউস নির্মাণ এবং সারাসীমায় ফুড প্রসেসিং সেন্টার স্থাপন-সহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে বিলোনিয়ার পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার।
শুক্রবার দুপুরে বিলোনিয়ার শচীন দেববর্মন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে কয়েকটি প্রকল্পের উদ্বোধনের সঙ্গে চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। দুপুর ১টায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে বিলোনিয়া নতুন থানা ভবনের পরিকাঠামো নির্মাণ, বিদ্যাপীঠ স্কুলে ৫০ আসনবিশিষ্ট এসটি হোস্টেল নির্মাণ, বি কে আই স্কুলের পশ্চিম ও দক্ষিণ অংশের সৌন্দর্যায়ন এবং একটি ওপেন স্টেজ নির্মাণ। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে এলাকার পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও জনপরিষেবার ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফ্রু মগ, স্বপ্না মজুমদার ও প্রমোদ রিয়াং-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মহম্মদ সাজেদ পি। বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা দক্ষিণ ত্রিপুরা জেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি বিলোনিয়া শহরের উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, বিলোনিয়ার উন্নয়নে প্রায় ৬৯ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। পাশাপাশি রাজ্যে মোট ১৩২টি প্রকল্পে ৫০২ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।
বিলোনিয়াকে মুহুরি নদীর বন্যার হাত থেকে রক্ষা করা এবং পানীয় জল পরিকাঠামোর উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ওয়্যারহাউস নির্মাণ ও সারাসীমায় ফুড প্রসেসিং সেন্টার গড়ে তোলার উদ্যোগের মাধ্যমে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, বিলোনিয়ায় ডপলার রাডার কেন্দ্র স্থাপন করা হয়েছে। অন্যদিকে, সাব্রুমে গড়ে তোলা হয়েছে স্পেশাল ইকোনমিক জোন (SEZ)। আগামী দিনে সাব্রুম দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তাঁর মতে, বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিনের বক্তব্যে রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে বিরোধী দলকেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। সামগ্রিকভাবে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে বিলোনিয়া তথা দক্ষিণ ত্রিপুরা জেলার উন্নয়নে রাজ্য সরকারের পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরা হয় অনুষ্ঠানে।
