বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ অক্টোবর || শুক্রবার সকালে শান্তির বাজার মহকুমার কাঁঠালিয়া এলাকায় দুটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই স্কুটি চালক। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা যায়, এদিন সকালে TR-03-06398 নম্বরের একটি স্কুটির সঙ্গে নম্বরবিহীন একটি টিভিএস স্কুটির সংঘর্ষ ঘটে। এতে দুই স্কুটি চালক বির্দেশ রিয়াং ও নমদ্যয় রিয়াং গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। তাঁরা আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজন নাবালক। সে চেলাগাং এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা যায়। অপর আহত ব্যক্তি বন দপ্তরের কর্মী বলে জানা গেছে।
কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সড়ক নিরাপত্তা ও যানবাহন চলাচল নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।
