বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ অক্টোবর || কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং কৃষিক্ষেত্রের উন্নয়নকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে জোলাইবাড়ি কৃষি দপ্তরের উদ্যোগে ব্লকভিত্তিক পিএম-কিষান উৎসব দিবস উদযাপন করা হয়। শুক্রবার জোলাইবাড়ি কৃষি দপ্তরের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এদিন কেন্দ্রীয় সরকারের পিএম-কিষান সম্মান নিধি প্রকল্পের ২৪তম কিস্তির অর্থ কৃষকদের মধ্যে প্রদান করা হয়। গুজরাটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে কৃষকদের জন্য এই অর্থ হস্তান্তর করেন। সেই উপলক্ষে জোলাইবাড়ি কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস, জোলাইবাড়ি ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ি এগ্রি স্ট্যান্ডিং কমিটির সভাপতি জয়দেব দত্ত, পঞ্চায়েত সমিতির সদস্য সুজিত দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে চলেছে। কৃষকদের উৎপাদিত ফসল ন্যায্যমূল্যে ক্রয়ের পাশাপাশি তাঁদের জন্য বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পূর্ববর্তী বাম আমলে কৃষকদের বিভিন্নভাবে রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করা হতো বলেও তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত তাঁর বক্তব্যে কৃষকদের শুধু কৃষিজ ফসল উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে মাছ, মাংস ও ডিম উৎপাদনের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রাজ্যকে মাছ, মাংস ও ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে কৃষকদের হাঁস-মুরগি পালন এবং মাছ চাষের মতো বিকল্প জীবিকামুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। এর ফলে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি রাজ্যের সামগ্রিক উৎপাদন ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠান শেষে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাসের নেতৃত্বে কৃষকদের কাছে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগের কথাও উঠে আসে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পিএম-কিষান প্রকল্পের আর্থিক সহায়তা এবং কৃষকদের উন্নয়নে সরকারি বিভিন্ন উদ্যোগ নিয়ে অনুষ্ঠানে আলোচনা হয়।
