গোপাল সিং, খোয়াই, ০৪ নভেম্বর || আসন্ন খোয়াই পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতিতে আরও গতি আনল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সংগঠনকে আরও শক্তিশালী করা, কার্যকর্তাদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নির্বাচনী রণকৌশল চূড়ান্ত করার লক্ষ্যে খোয়াই বিজেপি মণ্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক।
বৈঠকে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সহ-সভাপতি তথা খোয়াই জেলার প্রভারী তাপস মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস, মণ্ডল সভাপতি অনুকূল দাস-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা।
বৈঠকে খোয়াই পুর এলাকার মোট ১৫টি ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থীদের সঙ্গে বুথ সভাপতিদের বিশেষ পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি আসন্ন নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, বুথভিত্তিক প্রচার এবং জনসংযোগ আরও মজবুত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ময়দানে নামার পাশাপাশি দলীয় কার্যকর্তাদের বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অন্যদিকে, সাংগঠনিক বৈঠকের পাশাপাশি নির্বাচনী প্রচারেও জোর দিয়েছে বিজেপি। এদিন সন্ধ্যায় খোয়াই পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী ঊর্মিলা রায়ের সমর্থনে এক বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলে দলীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়।
এদিন খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস জানান, ঐক্যবদ্ধ সংগঠন, সম্মিলিত প্রচেষ্টা এবং সুদৃঢ় জনসংযোগকে হাতিয়ার করেই বিজেপি আসন্ন পুরসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে। প্রতিটি ওয়ার্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
সব মিলিয়ে, পুর নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই খোয়াই শহরে বিজেপির সাংগঠনিক তৎপরতা ও নির্বাচনী প্রচার নতুন মাত্রা পাচ্ছে। এখন দেখার, এই সাংগঠনিক প্রস্তুতি ও প্রচার আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে।
