গোপাল সিং, খোয়াই, ০৩ নভেম্বর || আসন্ন খোয়াই পুর পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। পূর্বের কিছু জটিলতা ও নাটকীয়তার পর এবার মাঠে নেমে জোরকদমেই মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু করেছে বিরোধী শিবিরগুলি। আজ খোয়াই পৌর পরিষদের নির্বাচনে কংগ্রেস ও বামেদের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিলের ছবি সামনে এসেছে।
আজ আনুষ্ঠানিকভাবে খোয়াই পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীরা তাঁদের মনোনয়ন পত্র জমা দেন। কংগ্রেস নেতৃত্বের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন মোট চারটি ওয়ার্ডে প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন এবং খুব শীঘ্রই আরও একটি আসনে মনোনয়ন জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে। আজ যাঁদের নাম মনোনয়ন তালিকায় রয়েছে, তাঁরা হলেন, ৩ নম্বর ওয়ার্ড: রুমা ভট্টাচার্য, ৮ নম্বর ওয়ার্ড: নিখিল চক্রবর্তী, ১১ নম্বর ওয়ার্ড: পরিতোষ দাস এবং ১২ নম্বর ওয়ার্ড: রঞ্জিত কুমার বর্ধন।
কংগ্রেসের পাশাপাশি এদিন বিরোধী জোটের অন্যতম শরিক দল সিপিআই(এম)-এর পক্ষ থেকেও আরও দুটি ওয়ার্ডে নতুন করে মনোনয়ন দাখিল করা হয়েছে। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই খোয়াইয়ের রাজনৈতিক অঙ্গনে শাসক ও বিরোধী দলের এই হাড্ডাহাড্ডি লড়াই এবং একের পর এক মনোনয়ন জমা দেওয়ার ঘটনায় পারদ ক্রমশ চড়তে শুরু করেছে।
