বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ নভেম্বর || জাতীয় স্তরে সম্মানজনক ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার ২০২৫ অর্জন করে রাজ্যে ফিরলেন দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনুর কৃতী যুবক রাজু মগ। মগ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘সাগ্রাই’ নৃত্যকে জাতীয় স্তরে তুলে ধরে এই বিশেষ সম্মান অর্জন করেছেন তিনি। তাঁর এই সাফল্যে গর্বিত গোটা মগ সম্প্রদায়ের পাশাপাশি আনন্দের আবহ ছড়িয়ে পড়েছে শান্তিরবাজার মহকুমাজুড়ে।
একটি সাধারণ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারে জন্ম রাজু মগের। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি ছিল তাঁর গভীর আগ্রহ। নিজ সম্প্রদায়ের চিরাচরিত প্রথা, সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা এবং আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন তিনি। মগ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাগ্রাই নৃত্যকে জাতীয় মঞ্চে উপস্থাপনের মধ্য দিয়ে ইতিমধ্যেই বিশেষ পরিচিতি অর্জন করেছেন রাজু।
সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় ২০২৫ সালের ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার। তাঁর এই বিরল সাফল্য শুধু মগ সম্প্রদায়ের কাছেই নয়, সমগ্র ত্রিপুরাবাসীর কাছে এক গর্বের বিষয়। রাজুর হাত ধরে জাতীয় স্তরে আরও একবার উজ্জ্বল হলো ত্রিপুরার নাম।
পুরস্কার অর্জনের পর শনিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিট নাগাদ রাজু মগ তাঁর দলের সদস্যদের নিয়ে জোলাইবাড়ি রেলস্টেশনে এসে পৌঁছান। তাঁর আগমনের খবর পেয়ে তাঁকে স্বাগত জানাতে মগ সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা রেলস্টেশনে উপস্থিত হন। সেখানে ফুলের তোড়া ও মালা দিয়ে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। প্রিয়জন ও সম্প্রদায়ের মানুষের ভালোবাসায় আবেগঘন হয়ে ওঠে রেলস্টেশন চত্বর।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজু মগ তাঁর এই সাফল্যের জন্য প্রথমেই মগ সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন, সংবাদমাধ্যম এবং তাঁর গুরুদেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নিজের দীর্ঘ সাংস্কৃতিক যাত্রা ও জাতীয় স্তরে পুরস্কার লাভের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।
অন্যদিকে, রাজু মগের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন মগ সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সদস্যরা। তাঁদের বক্তব্য, রাজুর এই অর্জন আগামী প্রজন্মকে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় আরও বেশি করে উৎসাহিত করবে। একজন সাধারণ পরিবারের সন্তান হয়েও নিজের প্রতিভা ও নিষ্ঠার জোরে জাতীয় স্তরে সম্মান অর্জন করে রাজু আজ গোটা এলাকার গর্ব হয়ে উঠেছেন।
সব মিলিয়ে রাজু মগের এই ঐতিহাসিক সাফল্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে বীরচন্দ্র মনু থেকে শুরু করে সমগ্র শান্তিরবাজার মহকুমায়।
