আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর || মা কসবেশ্বরীর প্রতি অগাধ শ্রদ্ধা ও ভক্তিকে সুরের মাধ্যমে তুলে ধরে প্রকাশ্যে এলো নতুন বাংলা ভক্তিমূলক গান ‘মা কসবেশ্বরী’। শিল্পী কিশান দাসের এই বিশেষ সংগীত নিবেদন ইতিমধ্যেই ভক্তিমূলক বাংলা গানের শ্রোতাদের কাছে এক নতুন আকর্ষণ হয়ে উঠেছে।
মায়ের প্রতি ভক্তি, আধ্যাত্মিকতা, বিশ্বাস ও আশীর্বাদের আবহকে কেন্দ্র করে গানটি নির্মাণ করা হয়েছে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরারোপের দায়িত্বও পালন করেছেন কিশান দাস। গানের কথা লিখেছেন সৌমিক বণিক। অন্যদিকে, সংগীত পরিচালনা ও অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে রয়েছেন সমীরণ দাস।
গানটির দৃশ্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সিনেমাটোগ্রাফার শুভঙ্কর সিং এবং অমিত (দ্য স্টোরি বন্ড)। প্রচ্ছদে মা কসবেশ্বরীর প্রতিকৃতির পাশাপাশি ভক্তিভরে প্রার্থনারত শিল্পীকে তুলে ধরা হয়েছে, যা গানটির আধ্যাত্মিক আবহকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।
একটি আন্তরিক সংগীত নিবেদনের মধ্য দিয়ে মা কসবেশ্বরীর চরণে শ্রদ্ধা ও ভক্তি অর্পণই এই গানের মূল উদ্দেশ্য। বাংলা ভক্তিমূলক সংগীতের জগতে এই নতুন প্রয়াস শ্রোতাদের ভালোবাসা ও প্রশংসা অর্জন করবে বলেই আশাবাদী সংশ্লিষ্ট শিল্পীরা।
