চলন্ত বাইকে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা, আহত ৭৩ বছরের বৃদ্ধ ও দুই বাইক আরোহী

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ নভেম্বর || চলন্ত বাইকে সেলফি তোলার অসাবধানতা থেকে ভয়াবহ দুর্ঘটনা। পথচারীকে সজোরে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাইক। ঘটনায় আহত হয়েছেন ৭৩ বছর বয়সি এক বৃদ্ধসহ বাইকের চালক ও এক যুবতী। আহতদের মধ্যে যুবতীর দুটি দাঁত সম্পূর্ণ ভেঙে যাওয়ার পাশাপাশি কপালে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুরের দিক থেকে TR-01-BB-7567 নম্বরের একটি বাইকে করে মহোত্তম দেবনাথ ও ২০ বছর বয়সি তমান্না বনিক সাচিরাম বাড়ির ধনঞ্জয় পার্কের উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাইক চলন্ত অবস্থায় চালক ও তাঁর সঙ্গীর মনোযোগ ছিল মোবাইল ফোনে সেলফি তোলার দিকে। সেই সময় জোলাইবাড়ির সাগরঢেবা ব্রিজ সংলগ্ন এলাকায় পথচারী ৭৩ বছর বয়সি সুভাষচন্দ্র দত্তকে সজোরে ধাক্কা মারে বাইকটি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন আরোহীরা।
দুর্ঘটনায় বৃদ্ধ সুভাষচন্দ্র দত্ত আহত হন। পাশাপাশি গুরুতর জখম হন ২০ বছর বয়সি তমান্না বনিক (পিতা: মাধব বনিক)। তাঁর কপালে গভীর ক্ষত সৃষ্টি হওয়ায় সেলাই করতে হয়েছে। এছাড়া মুখের দুটি দাঁত সম্পূর্ণ ভেঙে যায় এবং আরও একটি দাঁত নড়ে যাওয়ায় গুরুতর সমস্যার সৃষ্টি হয়েছে।
এদিকে, সাব্রুম থেকে বিলোনিয়াগামী সাংবাদিক প্রসেনজিৎ বৈদ্য ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় আহত যুবতীকে পড়ে থাকতে দেখে মানবিক উদ্যোগ গ্রহণ করেন। নিজের গাড়িতে করে দ্রুত তাঁকে জোলাইবাড়ি কমিউনিটি হেলথ সেন্টারে (সিএসসি) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের প্রাথমিক চিকিৎসা ও ক্ষতস্থানে ড্রেসিং করেন। তবে যুবতীর শারীরিক অবস্থা বিবেচনা করে তাঁকে দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।
অন্যদিকে, দুর্ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ি পুলিশ আউটপোস্টের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার কিংবা সেলফি তোলার মতো অসতর্কতা যে কতটা বিপজ্জনক হতে পারে, জোলাইবাড়ির এই দুর্ঘটনা তারই আরেকটি উদাহরণ। সামান্য অসাবধানতায় নিজের পাশাপাশি নিরীহ পথচারীদের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে। তাই বাইক চালানোর সময় মোবাইল ফোন থেকে দূরে থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*