বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ নভেম্বর || প্রতি বছরের মতো এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে কালীপূজার প্রস্তুতি নিয়েছে শান্তিরবাজারের ছাত্রবন্ধু সামাজিক সংস্থা। এবছর তাদের কালীপূজা ১৫তম বর্ষে পদার্পণ করছে। প্রায় ১২ লক্ষ টাকা বাজেটে আয়োজিত হচ্ছে এবারের পূজা।
শনিবার সন্ধ্যায় পূজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। আগামীকাল থেকে শুরু হবে মূল কালীপূজার অনুষ্ঠান এবং আগামী ১২ নভেম্বর প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের উৎসব। দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে সংস্থার অভিনব মণ্ডপসজ্জা। সম্পূর্ণ কাল্পনিক ভাবনার উপর ভিত্তি করে প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে পূজামণ্ডপ।
তবে ছাত্রবন্ধু সামাজিক সংস্থার উদ্যোগ শুধুমাত্র ধর্মীয় উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়। পূজাকে কেন্দ্র করে এবারও একাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাজারের প্রায় ৪০ থেকে ৫০ জন শ্রমিকের হাতে বস্ত্র তুলে দেওয়া, রক্তদান শিবিরের আয়োজন, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেয়েদের বিবাহে সহায়তা এবং মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বই ও খাতা বিতরণ।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরই কালীপূজার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়। উৎসবের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
এবারের ১৫তম বর্ষের কালীপূজা ও সামাজিক কর্মসূচিকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করার পাশাপাশি শান্তিরবাজারবাসীসহ রাজ্যের সর্বস্তরের মানুষকে পূজামণ্ডপে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছে ছাত্রবন্ধু সামাজিক সংস্থা।
