ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মাতাবাড়ির ঐতিহ্যবাহী দেওয়ালি মেলা, সরকারি সাহায্যের আশায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর || আচমকা ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিতে কার্যত লন্ডভন্ড হয়ে গেল উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মাতাবাড়ির ঐতিহ্যবাহী দেওয়ালি মেলা। উৎসবের দ্বিতীয় দিনেই প্রাকৃতিক দুর্যোগের জেরে মেলা প্রাঙ্গণে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের দাপটে মেলায় বসা বেশ কয়েকটি অস্থায়ী দোকানপাট ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্যান্ডেলের একাংশ ও আলোকসজ্জা। পাশাপাশি বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়েছে দূরদূরান্ত থেকে মেলায় আসা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বিক্রির জন্য নিয়ে আসা বিভিন্ন সামগ্রী। আচমকা এই প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত পড়েছে মেলায় আসা ব্যবসায়ীদের।
প্রতি বছরের মতো এবছরও মাতাবাড়ির ঐতিহ্যবাহী দেওয়ালি মেলাকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে বহু ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী তাঁদের পসরা সাজিয়ে বসেছিলেন। মেলায় বিপুল জনসমাগমের আশায় ব্যবসায়ীরা বিভিন্ন সামগ্রী নিয়ে এসেছিলেন। কিন্তু দ্বিতীয় দিনের আকস্মিক ঝড় ও বৃষ্টিতে তাঁদের সাজানো দোকানপাট ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকেই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ফলে এখন সরকারি সাহায্যের আশায় দিন গুনছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এদিকে, এই প্রাকৃতিক দুর্যোগের খবর পেয়ে মেলা প্রাঙ্গণ সরেজমিনে পরিদর্শন করেন বিধায়ক অভিষেক দেবরায়। তিনি ক্ষতিগ্রস্ত দোকানপাট ঘুরে দেখার পাশাপাশি মেলায় আগত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।
বিধায়ক অভিষেক দেবরায় জানান, মাতাবাড়ির ঐতিহ্যবাহী দেওয়ালি মেলার দ্বিতীয় দিনে আকস্মিক ঝড় ও বৃষ্টির কারণে বেশ কয়েকটি অস্থায়ী দোকান ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্যান্ডেলের কিছু অংশ ও আলোকসজ্জা। এমনকি দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের বিক্রির জন্য রাখা বিভিন্ন জিনিসপত্রও বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়েছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন তিনি। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান বিধায়ক।
তবে এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা এখনও স্পষ্ট নয়। মেলায় আসা ব্যবসায়ীদের একটাই প্রত্যাশা, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে তাঁদের পাশে দাঁড়ানো হোক এবং উপযুক্ত সরকারি সহায়তার ব্যবস্থা করা হোক। আনন্দ-উৎসবের মাঝে আচমকা এই দুর্যোগ মাতাবাড়ির দেওয়ালি মেলার পরিবেশে যে কিছুটা হলেও ছন্দপতন ঘটিয়েছে, তা বলাই বাহুল্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*