গোপাল সিং, খোয়াই, ০৭ নভেম্বর || “রক্তদান করুন, জীবন বাঁচান”—এই সামাজিক ও মানবিক বার্তাকে সামনে রেখে দীপাবলির পুণ্যলগ্নে এক প্রশংসনীয় উদ্যোগ নিল খোয়াই মহিলা থানা। আজ শনিবার সকাল ১১টায় খোয়াই মহিলা থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আলোর উৎসব দীপাবলির আনন্দকে কেবল উদযাপনে সীমাবদ্ধ না রেখে মানবসেবার মাধ্যমে আরও অর্থবহ করে তুলতেই এই মহতী উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। সকাল থেকেই রক্তদান শিবিরকে ঘিরে খোয়াই মহিলা থানার সমস্ত পুলিশ কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও তৎপরতা লক্ষ করা যায়। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে মহিলা পুলিশ কর্মীদের এগিয়ে আসার এই চিত্র উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানের শুভ সূচনা ও রক্তদান শিবিরের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা পুলিশ সুপার জাষ্টিন জোসেফ, খোয়াই মহিলা থানার ওসি মীনা দেববর্মা, খোয়াই মহিলা থানার সাব-ইন্সপেক্টর চম্পা দাস। শিবির উদ্বোধনের পর খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিন জোসেফ সংবাদমাধ্যমকে জানান যে, উৎসবের মরসুমে হাসপাতালে রক্তের ঘাটতি মেটাতে ও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে তাঁদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এই শিবিরে অন্তত ২০ ইউনিটের বেশি রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। দীপাবলির শুভক্ষণে খোয়াই মহিলা থানার এহেন মানবিক পদক্ষেপ স্থানীয় জনমহলে ব্যাপক সমাদৃত ও প্রশংসিত হয়েছে।
