বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ নভেম্বর || অন্যান্য বছরের ন্যায় এবছরও মহাসমারোহে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হলেন শান্তিরবাজারের ছাত্রবন্ধু সামাজিক সংস্থার সদস্যরা। দক্ষিণ ত্রিপুরা জেলার অন্যতম বৃহৎ বাজেটের কালীপূজার আয়োজন করে থাকে এই সামাজিক সংস্থা। এবছরও নজরকাড়া মণ্ডপসজ্জা, বর্ণাঢ্য আলোকসজ্জা এবং বিভিন্ন আকর্ষণীয় আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে তাদের কালীপূজা।
রবিবার রাতে ছাত্রবন্ধু সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত কালীপূজা দর্শন করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পূজামণ্ডপ চত্বরে ভিড় আরও বাড়তে থাকে। জনসমাগমে কার্যত জনজোয়ারে পরিণত হয় গোটা এলাকা। পূজাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শুধু পূজার আয়োজনই নয়, দর্শনার্থীদের জন্য বিশেষভাবে পুষ্পান্নের ব্যবস্থাও করেছে সংস্থার সদস্যরা। সারারাত ধরে আগত দর্শনার্থীদের মধ্যে পুষ্পান্ন বিতরণ করা হয়। পাশাপাশি পূজাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
সংস্থার উদ্যোগে আয়োজিত এই কালীপূজা তিন দিনব্যাপী চলবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, চোখধাঁধানো আলোকসজ্জা এবং সামাজিক উদ্যোগের মেলবন্ধনে ছাত্রবন্ধু সামাজিক সংস্থার এবারের কালীপূজা ইতিমধ্যেই দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সব মিলিয়ে শান্তিরবাজারে ছাত্রবন্ধু সামাজিক সংস্থার কালীপূজাকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছেন সর্বস্তরের মানুষ।
