বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ নভেম্বর || দীপাবলির আলোকময় উৎসবকে সামনে রেখে সরকারি প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল শান্তির বাজার পৌর পরিষদ। পৌর পরিষদের উদ্যোগে এবং শান্তির বাজার মহকুমা সাহিত্য পরিষদের সহযোগিতায় শহরের বিভিন্ন স্থানে মঞ্চস্থ করা হয় সচেতনতামূলক পথনাটক ‘স্বপ্নের ঘর’।
পৌর পরিষদের অন্তর্গত তিনটি কালীপূজা মণ্ডপ প্রাঙ্গণে পরিবেশিত হয় এই পথনাটক। নাটকের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পের উদ্দেশ্য, সুযোগ-সুবিধা এবং উপভোক্তাদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় সহজ ও সাবলীলভাবে তুলে ধরা হয়। অভিনয় ও বাস্তবধর্মী সংলাপের মধ্য দিয়ে সরকারি আবাসন প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়।
পথনাটকটি পরিচালনা করেন শান্তির বাজার মহকুমা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস দত্ত। তাঁর পাশাপাশি সাহিত্য পরিষদের অন্যান্য সদস্য ও সহকর্মীরাও এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
দীপাবলির উৎসবের আনন্দের মধ্যেও জনস্বার্থে এমন ব্যতিক্রমী সাংস্কৃতিক উদ্যোগ স্থানীয় মানুষের দৃষ্টি আকর্ষণ করে। নাটকের মাধ্যমে সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত দর্শকরা।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সংস্কৃতি ও নাটকের মতো শক্তিশালী মাধ্যমকে কাজে লাগিয়ে আগামী দিনেও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি শান্তির বাজার পৌর পরিষদ ও শান্তির বাজার মহকুমা সাহিত্য পরিষদের পক্ষ থেকে শহরবাসীসহ সকলকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আলোর উৎসবের আবহে ‘স্বপ্নের ঘর’ পথনাটকের মধ্য দিয়ে উঠে এল এক সুন্দর সামাজিক বার্তা—প্রতিটি ঘরে পৌঁছাক উন্নয়নের আলো, আর সমাজ আলোকিত হোক সচেতনতার আলোয়।
