আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ ৷৷ ৯ই মার্চ, ২০১৮ (শুক্রবার) এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন রাজ্যের জনগন। এদিন দুপুর ১২টা থেকে ত্রিপুরা রাজ্যে প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। রাজধানীর কুঞ্জবন এলাকার আসাম রাইফেলস ময়দানে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন যীষ্ণু দেববর্মা। পাশাপাশি শপথ নেবেন রাজ্যের নতুন মন্ত্রীসভার সদস্যরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। পাশাপশি ভারতের বর্তমান ১৯টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে। শপথগ্রহণ অনুষ্ঠানের একদিন আগেই অর্থাৎ বৃহস্পতিবার বিকেলেই রাজ্যে এসে গেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
অনুষ্ঠানে তিন লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি’র পক্ষে আশা করা হচ্ছে। প্রায় ১০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে দলের তরফে। প্রথমে রাজধানীর আস্তাবল ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান করার কথা থাকলেও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং সি বি এস সি বোর্ডের পরীক্ষার কথা মাথায় রেখে আসাম রাইফেলস ময়দানে নিয়ে যাওয়া হয়েছে। এতে রাজধানী শহরকে ভিড়মুক্ত করা যাবে এবং শিক্ষার্থীসহ তাদের অভিবাবকদের কোনো সমস্যা হবে না।
শপথগ্রহণ অনুষ্ঠান কেন্দ্র করে এখন জোর প্রস্তুতি চলছে আসাম রাইফেলস ময়দানে। মঞ্চ তৈরি হচ্ছে জোর কদমে। ভিড় সামলানোর জন্য মাঠের ভেতর ও বাইরে বাঁশ বাঁধার কাজ চলছে। অপেক্ষা শুধু ৯ই মার্চের।
