আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ ৷৷ ৯ই মার্চ, ২০১৮ (শুক্রবার) ত্রিপুরা রাজ্যে প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। এই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই রাজ্যে এসে গেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বৃহস্পতিবার বিকেলের বিমানে রাজ্যে এসেন তিনি। আগরতলা বিমানবন্দরে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের ভাবি মূখ্যমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, রাজ্যের ভাবি উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর, বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামমাধব, আসামের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, বিজেপি রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক সহ দলীয় নেতৃত্বরা। আগরতলা বিমানবন্দর থেকে বাইক র্যা লীর মাধ্যমে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে রাজ্য সরকারি অতিথিশালায় আনা হয়।শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুণ জেটলি। পাশাপশি ভারতের বর্তমান ১৯টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে। শপথগ্রহণ অনুষ্ঠান কেন্দ্র করে এখন জোর প্রস্তুতি চলছে আসাম রাইফেলস ময়দানে। অনুষ্ঠানে তিন লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি’র পক্ষে আশা করা হচ্ছে।
জানাগেছে, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বৃহস্পতিবার সন্ধ্যার বিমানে রাজ্যে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজ্জু এবং নির্মলা সিতারমন।
