আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ ৷৷ ত্রিপুরায় ক্ষমতায় আসার পর প্রথমবার দিল্লী সফরে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। রোববার সন্ধ্যায় উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে সঙ্গে নিয়ে দিল্লী যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন সহ বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি অমিত সাহ’র সঙ্গে স্বাক্ষাৎ করেন তারা। এদিন পার্লামেন্ট হাউজে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মূখ্যমন্ত্রী। সেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে সাক্ষাৎ করে রাষ্ট্রপতির পা ছুঁয়ে প্রণাম করেন মূখ্যমন্ত্রী। এরপরই সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে। তারও পা ছুঁয়ে আশীর্বাদ চান মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের কল্যাণে ভারত সরকারের কাছে আর্থিক অনুদানের জন্য এবং রাজ্যে ৭ম মেতন কমিশন লাগু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগামী ২২ তারিখ বিপ্লব বাবু রাজ্যে ফিরবেন। ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন।