
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ ৷৷ দ্বাদশ ত্রিপুরা বিধানসভা অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি ঘোষণা করেছেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। বুধবার দ্বাদশ ত্রিপুরা বিধানসভা অধিবেশনের শেষ দিনে বিধানসভার অধিবেশন পরিচালনায় সহযোগীতার জন্য তিনি বিধানসভার সদস্য সদস্যাগণ সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।
অর্থ প্রাপ্তির উপর সামঞ্জস্য রেখে সংশোধিত বাজেট পূর্ণাঙ্গ বাজেট থেকে কমানো হয়েছে। ২০১৭-১৮ অর্থ বছরে যেখানে বাজেট বরাদ্দ ছিল ১৫,৯৫৬.৫৬ কোটি টাকা সেখানে সংশোধিত বাজেট হয়েছে ১৪,২৯৭ কোট টাকা। তা সত্বেও বিভিন্ন কারনে ২০১৭-১৮ অর্থ বছরের জন্য পরিপূরক অনুমোদন নিতে হয়েছে। বুধবার দ্বাদশ ত্রিপুরা বিধানসভা অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী এবং অর্থ দফতরের মন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন। উল্লেখ্য, ২৩ মার্চ থেকে দ্বাদশ ত্রিপুরা বিধানসভা অধিবেশন শুরু হয়েছিল।
