দরিদ্র বি এড পড়ুয়াদের সহায়তা করবে সরকার – মন্ত্রীসভায় বিভিন্ন সিদ্ধান্ত

emআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুলাই ৷৷ উচ্চশিক্ষার জন্য দরিদ্র মেধাবীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ও আই পি এফ টি জোট সরকার। এখন থেকে যে সব দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রী অর্থের অভাবে বি এড ডিগ্রি নিতে পারছেন না, তারা যদি ঋণ নিয়ে বি এড করেন তবে রাজ্য সরকার তাদের ব্যাঙ্কে ঋনের সুদ দেবে। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী সভার বৈঠকে সিদ্ধান্ত এই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, চাকরি পাওয়ার আগ পর্যন্ত আরও দু’বছর সরকার ঋনের সুদ দেবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘চিফ মিনিস্টারস বি এড অনুপ্রেরণা যোজনা’। এর জন্য সরকার ব্যাংকের সঙ্গে এম ও ইউ করবে। তিনি জানান, এতে সরকারের খরচ হবে ৩৫ কোটি ৫০ লক্ষ টাকা।
পাশাপাশি এদিন মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, যে রাজ্যের ১০টি জনজাতি অধ্যুষিত ব্লক গুলোতে ৬১ হাজার ৫৮টি দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারকে ২০ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে। এবছরের জুলাই এবং আগস্ট মাসে এই চাল দেওয়া হবে। এই ব্লকগুলো হলো- ছাওমনু, দামছড়া, দশদা, ডুম্বুরনগর, করবুক, মুঙ্গিয়াকামী, রইস্যাবাড়ী, রূপাইছড়ি, শিলাছড়ি এবং তুলাশিখর।
এদিনের সাংবাদিক সন্মেলনে পরিবহন মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়ও উপস্থিত ছিলেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*