সাত বছরেও মেটেলিং হয়নি রাস্তা, ক্ষোভে দেবনাথ পাড়া, ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে ভোট বয়কটের হুঁশিয়ারি এলাকাবাসীর

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৫ সেপ্টেম্বর || ভিলেজ কাউন্সিল নির্বাচন দোরগোড়ায়। তার আগেই রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন ডুম্বুরনগর ব্লকের সরমা পঞ্চায়েতের অন্তর্গত দেবনাথ পাড়ার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘ প্রায় সাত বছর ধরে এলাকার গুরুত্বপূর্ণ একমাত্র রাস্তাটি ইট সোলিং অবস্থায় পড়ে রয়েছে। আজও সেটিকে মেটেলিং রাস্তায় পরিণত করা হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে একই অবস্থায় পড়ে থাকা রাস্তাটিতে মাঝেমধ্যে নামমাত্র মেরামতের কাজ করা হলেও স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা এলেই রাস্তার বিভিন্ন অংশের অবস্থা আরও বেহাল হয়ে পড়ে। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলপড়ুয়া, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ।
রাস্তা মেরামতের নামে দায়সারা কাজ দেখিয়ে সরকারি অর্থের অপব্যবহার করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দাদের একাংশ। স্থানীয় কিছু নেতা ও পঞ্চায়েত সচিবের ভূমিকা নিয়েও অভিযোগ উঠেছে। তবে মেরামতের কাজে সত্যিই কোনো অনিয়ম বা সরকারি অর্থের অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব। তাই গত কয়েক বছরে রাস্তা মেরামতের জন্য বরাদ্দ অর্থ, কাজের বিবরণ ও বিলের হিসাব প্রকাশ্যে আনার পাশাপাশি প্রয়োজনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে সামনে ভিলেজ কাউন্সিল নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে ক্ষোভ আরও প্রকাশ্যে এসেছে। এলাকাবাসীর একাংশের বক্তব্য, ভোটের আগে আর প্রতিশ্রুতি নয়—প্রথমে রাস্তার স্থায়ী উন্নয়ন করতে হবে। রাস্তা মেটেলিং করে চলাচলের উপযোগী না করা হলে এবার ভোট বয়কট করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার প্রতিবাদে এবার ভোটের মাধ্যমেই নিজেদের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি ক্ষুব্ধ বাসিন্দাদের। এখন দেখার বিষয়, নির্বাচনের আগে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর দেবনাথ পাড়ার মানুষের দীর্ঘদিনের এই দাবিকে কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে। নাকি প্রতিবারের মতো এবারও উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে ইট সোলিং রাস্তাতেই চলবে সাধারণ মানুষের দুর্ভোগ?

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*