গোপাল সিং, খোয়াই, ০৫ সেপ্টেম্বর || রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সাথে নিবিড় মানবিক সম্পর্কের সেতুবন্ধন রচনায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ত্রিপুরার ‘দিদি’ প্রতিমা ভৌমিক। আজ বৃহস্পতিবার বিকেলে খোয়াইয়ের মনোরম চা-বাগান এলাকায় স্থানীয় শিশু, প্রবীণ ও মহিলা চা-শ্রমিকদের সাথে এক অত্যন্ত সাধারণ ও আবেগঘন মুহূর্তে মিলিত হলেন তিনি।
চা-বাগানের সুনিবিড় সবুজ প্রকৃতির আবহে স্থানীয় চা-বাগান কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের হাতে ভালোবেসে রাখী পরিয়ে দেন তিনি। শুধু রাখী পরাণোই নয়, একপর্যায়ে চা-শ্রমিক নারীদের পাশাপাশি নিজে দাঁড়িয়ে চা-বাগানের পাতা কুড়াতেও দেখা যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। উনার এই আন্তরিক ও সহমর্মী আচরণ দেখে মুগ্ধ হন উপস্থিত সমস্ত চা-বাগান কর্মী ও স্থানীয় বাসিন্দারা।
এই বিশেষ মানবিক কার্যক্রমে প্রতিমা ভৌমিকের সাথে উপস্থিত ছিলেন খোয়াইয়ের প্রাক্তন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, যুব মোর্চা মণ্ডল সভাপতি সত্যজিৎ পাল, এসটি মোর্চার রাজ্য সম্পাদক রমেন সাঁওতাল, জেলা পরিষদ সভাধিপতি অপর্ণা সিংহ রায়, টিঙ্কু ভট্টাচার্য্য, ব্লক চেয়ারম্যান এবং প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি জয়দেব দেববর্মা।
স্থানীয় চা-বাগান কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সাথে বেশ খানিকটা সময় কাটান প্রতিমা ভৌমিক, তাঁদের সুখ-দুঃখ ও অভাব-অভিযোগের খোঁজখবর নেন। দলীয় পতাকাতলে সীমাবদ্ধ না থেকে রাজ্যজুড়ে সাধারণ মানুষের মাঝে যেভাবে তিনি ঘুরে বেড়াচ্ছেন, তাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিমত, একজন প্রকৃত জনপ্রতিনিধির ভূমিকা এমনই সহজ, সরল ও মাটির কাছাকাছি হওয়া উচিত।
