গোপাল সিং, খোয়াই, ০৫ সেপ্টেম্বর || খোয়াই পৌর এলাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হলো। খোয়াই পৌর পরিষদ এবং তৈল ও প্রাকৃতিক গ্যাস নিগম-র যৌথ উদ্যোগে বর্জ্য প্রক্রিয়াকরণ ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক বা ‘মউ’ (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই প্রকল্পের অধীনে খোয়াই পৌর এলাকার ১০০ জন স্বসহায়ক দলের দিদিকে নিয়ে গড়ে তোলা হয়েছে একটি বিশেষ কো-অপারেটিভ। খোয়াইয়ের বর্জ্য কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে পৃথকীকরণ, প্রক্রিয়াকরণ এবং রিসাইক্লিং করা যায়—সেই বিষয়ে একটি সুনির্দিষ্ট প্রকল্প প্রস্তাব অনজিসির কাছে পাঠানো হয়েছিল। অনজিসি কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সাথে এই প্রকল্পটিকে গ্রহণ করে ১ কোটি ৬ লক্ষ টাকার বিশাল আর্থিক সহায়তা মঞ্জুর করেছে। বৃহস্পতিবার এই তাৎপর্যপূর্ণ মউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্ম্মা, খোয়াইয়ের তদানীন্তন মহকুমা শাসক নির্মল কুমার, ত্রিপুরা ওএনজিসির জেনারেল ম্যানেজার সহ অন্যান্য শীর্ষ আধিকারিকবৃন্দ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্ম্মা জানান, অনজিসির এই ১ কোটি ৬ লক্ষ টাকার আর্থিক সহায়তায় খোয়াইয়ের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও বিজ্ঞানসম্মত করে তোলা হবে। একই সাথে ১০০ জন এসএইচজি দিদিকে নিয়ে কো-অপারেটিভ গঠনের ফলে গ্রামীণ ও শহরের নারীদের স্বাবলম্বী হওয়া এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এক নতুন দিশা খুলে গেল। স্বচ্ছ খোয়াই গড়ার পাশাপাশি স্বনির্ভরতার এই নতুন রূপরেখাকে সাধুবাদ জানিয়েছেন খোয়াইয়ের সর্বস্তরের নাগরিক সমাজ।
