
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল ৷৷ পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারের পর রাজ্যে ফিরলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার সস্ত্রীক রাজ্যে ফিরলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব এক সাথে রাজ্যে ফিরলেন। বিমানবন্দরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুখ্যমন্ত্রী এবং তাঁর স্ত্রী নীতি দেবের নামে অপপ্রচার করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জনগন এই অপপ্রচারের মোক্ষম জবাব দেবেন। মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব বলেন, একটি গোষ্ঠী মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে এই ‘কুৎসা’ রটিয়েছে। তিনি বলেন, আমাদের মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেবো। নীতি দেব বলেন, কোনো বিবাহিত মহিলা বাবার বাড়িতে মাত্র ১৫ দিনের জন্য যাওয়া বা চিকিৎসার জন্য বহিঃ রাজ্যে যাওয়া মানেই কি বিবাহ বিচ্ছেদ ? এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব।
