আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির পথ থেকে পদত্যাগ করেছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ। তাঁর পদত্যাগ করার সাথে সাথে ফের একবার কংগ্রেস দলে ভাঙ্গন শুরু হয়ে গেছে। বুধবার তিনি নিখিল ভারত কংগ্রেস দলের সভাপতি সোনিয়া গান্ধীর কাছে তার পদত্যাগপত্র পাঠান বলে জানা যায়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় প্রদ্যোৎ কিশোর দেব বর্মণ প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করার কথা জানান। তারপরেই বুধবার পদত্যাগ করলো প্রদেশ কংগ্রেসের এস টি সেলের সভাপতি, সম্পাদক, সাধারন সম্পাদক সহ এক ঝাক নেতৃত্ব। এদিন প্রদ্যোৎ কিশোর দেব বর্মণের বাড়িতে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে প্রদেশ কংগ্রেসের এস টি সেলের সাধারন সম্পাদক শ্রীদাম দেববর্মা এই পদত্যাগের ঘোষণা দেন। এরপর দুপুরে এই খবর ছড়িয়ে পড়ার পর রাজ্যজুড়ে রাজনৈতিক মহলে তীব্র হৈ চৈ শুরু হয়ে যায়।এদিন সন্ধ্যায় প্রদ্যুৎ কিশোর ভারতের রাজধানী দিল্লী থেকে ফেসবুকে লাইভ করে জানান, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, ত্রিপুরার মানুষের কথা চিন্তা করে রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জি (এন আর সি) চালু করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছেন। কিন্তু দলের একাংশের নেতা তাকে বার বার চাপ দিয়ে আসছেন এন আর সি’র মামলা তুলে নিতে হবে, না হলে তাকে প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে হবে। এসব কারণে তিনি কংগ্রেস দল ত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং দলের জাতীয় সভাপতি সোনিয়া গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
এদিকে বুধবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানানো হয়, প্রদ্যোৎ কিশোর দেব বর্মণ যদি বিজেপি দলে আসতে চান, তবে তারা স্বাগত জানাবেন। তবে একজন সাধারণকর্মী হিসেবে তাকে দলে যোগ দিতে হবে।
