আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর ৷। দুর্গা পূজোর আগেই রাজ্যবাসীর জন্য পূজো উপহার দিল উত্তরপূর্ব সীমান্ত রেল এবং রাজ্য সরকার। মহাপঞ্চমী দিন অর্থাৎ বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হল আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত একটি এবং আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত একটি ডেমো ট্রেন পরিষেবা। এদিন আগরতলা দিয়েই উত্তর-পূর্ব ভারতে প্রথম ডেমো ট্রেন পরিষেবা শুরু হয়েছে। জানা যায়, এদিন প্রাথমিকভাবে একজোড়া ডেমো ট্রেন দিয়ে যাত্রা শুরু করলেও কিছুদিনের মধ্যে আরও কয়েক জোড়া ডেমো ট্রেন রাজ্যে আসবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, পরিবহনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক রামপ্রাসাদ পাল, বিধায়ক মিমি মজুমদার, বিধায়ক সুধন দাস, বিধায়ক প্রভাত চৌধুরী, উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সঞ্জিব রায়, রেলের নির্মাণ শাখার ম্যানেজার রমেশ চৌহান প্রমুখ।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া হয়ে কোলকাতা সহ ভারতের অন্যান্য রাজ্যে সরাসরি ট্রেন চলাচল এবং বিলোনিয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত ট্রেন চালানোর জন্য উভয় দেশের মধ্যে কথাবার্তা চলছে।
