আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ অক্টোবর ৷। বাংলায় উড়ালপুল আর ইংরেজীতে ফ্লাইওভার – আধুনিক প্রযুক্তিতে তৈরী এই পথ চলার ব্যবস্থা মূলতঃ যেখানেই গড়ে উঠে সেখানে থাকে সড়কের অস্বাভাবিক ব্যস্ততা। রাজধানী আগরতলায় ক্রমান্বয়ে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বেড়ে চলেছে যান বাহনের সংখ্যা – রাস্তা চওড়া করলেও অবস্থা সামাল দেওয়া কষ্ট সাধ্য হয়ে দাঁড়াচ্ছে। সেই দুর্দশা নিরসনে গত ২৭শে মে ২০১৫ রাজধানীর ড্রপ গেইট থেকে ফায়ার স্টেশন পর্যন্ত উড়ালপুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। বহু প্রতীক্ষার পর অবশেষে ৪ঠা অক্টোবর, ২০১৯ ডানা মেলে উড়াল দিল আগরতলা উড়ালপুল। শুক্রবার বিকেল ৪টায় দিব্যাঙ্গন বাচ্চাদের হাত ধরে রাজ্যের পূর্ত দপ্তরের উদ্যোগে আগরতলা উড়ালপুলের উদ্বোধন করা হয়। এদিন প্রথমে শিলান্যাস করে ফিতা কেটে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল আগরতলা উড়ালপুল। তবে রাজ্যের বুকে একটি বিরলতম ঘটনা হচ্ছে কোটি কোটি টাকার এই প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন না রাজ্যের মন্ত্রীসভার কোনো মন্ত্রী বা বিধায়ক।