পশ্চিমবঙ্গ, ২৭ ডিসেম্বর ।। সারদার জন্মকথা তুলে ধরলেন ভারতের ডায়মন্ডহারবারের তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পুরুলিয়ার এক জনসভায় দাঁড়িয়ে তৃণমূলের এ সংসদ সদস্য তথা যুব তৃণমূলের সভাপতির মন্তব্য করেন, সারদার বাবা বিজেপি। আর মা সিপিএম। এরাই আবার কিনা সারদা নিয়ে তৃণমূলকে আক্রমণ করে।
এ প্রসঙ্গে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, উত্তরপ্রদেশে সারদার থেকেও কয়েক হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে।
এখন সেই বিষয়েই সিবিআইয়ের আগে তদন্ত করা উচিত বলে দাবি জানান অভিষেক। তার কথায়, সেই কেলেঙ্কারির তদন্ত ঠিকঠাক হলে হাজারো রাজনৈতিক নেতার নাম উঠে আসবে।
