আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৬ সেপ্টেম্বর || করোন মহামারিতে ছাত্র ছাত্রী দের মনোবল বাড়াতে ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কলমচৌড়া ৩টি বুথের দক্ষিণ কলমচৌড়া যুব মোর্চার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। বুধবার দক্ষিণ কলমচৌড়া কমিউনিটি হলে মোট ৪৬ জন ছাত্র ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। এরমধ্যে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ২৬ জন ও উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ২০ জন। এদিন অনুষ্ঠান শুরু হবার আগে অতিথিদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডর চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা দক্ষিণাংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্য সন্দীপ সিং, জেনারেল সেক্রেটারি শ্যামলকান্তি দাশ, ২০-বক্সনগর মন্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা, সিপাহীজলা জেলা (দঃ) যুব মোর্চার সভাপতি প্রসেনজিৎ ঘোষ, বক্সনগর আর ডি ব্লক এর চেয়ারম্যান সঞ্জয় সরকার প্রমুখ। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুবনেতা বাপন সরকার। এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদেরকে মানপত্র ও শিক্ষা সামগ্রী দেওয়া হয়।
বক্তব্য রাখতে গিয়ে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বাহারুল ইসলাম মজুমদার বলেন, পড়াশোনার মাঝামাঝি খেলাধুলা চর্চা রাখতে হবে। রাজ্যের মধ্যে নজরকাড়া সাফল্য অর্জন যেন করতে পারে সেই ভাবে পড়াশোনা করার পরামর্শ দেন তিনি। তিনি ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং গার্ডিয়ানদের কড়ানজর দেওয়ার জন্য অনুরোধ রেখেছেন। এছাড়া জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, শিক্ষা জাতীর মেরুদন্ড, শিক্ষা ছাড়া দেশ ও সমাজ উন্নয়ন করা সম্ভব হবে না। তাই শিক্ষার অগ্রগতি একান্ত প্রয়োজন। আগামী দিনে ছাত্র-ছাত্রীদের আরো ভালো রেজাল্ট করার আহবান রাখেন শ্রী ভট্টাচার্য।
