আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ অক্টোবর || আবারও অভাবের তাড়নায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা পথ বেছে নিতে বাধ্য হল কর্ম রাই জমাতিয়া নামে এক ১০,৩২৩-এর চাকরিচ্যুত শিক্ষক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ধন চাকমা এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে একজন ছিলেন কর্ম রাই জমাতিয়া। শিক্ষকতার চাকুরী চলে যাওয়ার পর নুন আনতে পান্তা ফুরায় কর্ম রাই জমাতিয়ার। ফলে স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যদিন ঝগড়া লেগে থাকত। আর এই ঝগড়া একদিন চরম থেকে চরমতম আকার ধারণ করে কর্ম রাই জমাতিয়া স্ত্রী শ্বশুরবাড়ি থেকে নিজের বাপের বাড়ি চলে যায়। জানা যায়, কর্ম রাই জমাতিয়ার ২ জন সন্তান রয়েছে। তাদেরকে সাথে করে নিয়ে নিজের বাপের বাড়ি চলে যায় কর্ম রাই জমাতিয়ার স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, কর্ম রাই জমাতিয়ার পরিবারটি খুবই দরিদ্র এবং অসহায়তার মধ্যে দিয়ে দিন গুজরান করছে চাকুরী হারানোর পর থেকে।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার বিকেলের কোন এক সময় বাড়ির সকলের নজর এড়িয়ে বাড়ির পাশের নির্জন জায়গায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা পথ বেছে নিল ওই চাকরিচ্যুত শিক্ষক। রবিবার রাত ১০টা নাগাদ এলাকার এক ব্যক্তি প্রত্যক্ষ করে বাড়ির পাশের নির্জন জায়গায় ঝুলছে চাকরি হারানো অসহায় শিক্ষক কর্ম রাই জমাতিয়ার ঝুলন্ত মৃতদেহ।
এই ঝুলন্ত মৃতদেহ প্রত্যক্ষ করে এলাকার লোকজন ও পরিবারের লোকজন তেলিয়ামুড়া থানায় খবর দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া থানার পুলিশ ময়নাতদন্তের জন্য ওই চাকরিচ্যুত শিক্ষকের দেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
