আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৩ জানুয়ারি || বিএসএফ’র গাড়ি ও পাচারকারীর গাড়ির মুখমুখি সংঘর্ষে আহত তিন পাচারকারী। জানা যায়, বুধবার বক্সনগর বাজার থেকে টি আর ০১-এ ই ১৮৯৯ নম্বরের কাপড় বোঝাই করা একটি বুলেরো পিকআপ গাড়ি পাচারের উদ্দেশ্যে দক্ষিণ কলমচৌড়া বিওপি’র সামনের দিকে আসছিলো। এমন সময় বিএসএফ’র একটি বোলেরু গাড়ি করে চার জন জওয়ান মোবাইল পেট্রোলিং করতে বের হয়। এমন সময় বিএসএফ’র বুলেরো গাড়িটি ক্যাম্পের নিচে বক্সনগর সোনামুড়া জাতীয় সড়কে আসতেই পাচারকারীর গাড়িটি বিএসএফ’র গাড়িটি সামনে দেখতে পেয়ে জোড়ালোভাবে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ঘটনা উল্টো হয়। বিএসএফ’র গাড়িকে ধাক্কা দিতে গিয়ে পাচারকারীর বুলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টিয়ে রাস্তার পাশে পড়ে যায়। গাড়ির উপরে থাকা তিন জন পাচারকারী গুরুতরভাবে আহত হয়। তাতে বিএসএফ জওয়ানরাও কিছুটা আঘাত পায়। সাথে সাথে ঘটনাস্থল থেকে আহত তিন পাচারকারীকে রক্তাক্ত অবস্থায় বিএসএফ জওয়ানদের গাড়ি করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা করে জিবি হাসপাতালে রেফার করে দেন। আহত তিন পাচারকারি হলেন বিশ্বজিৎ পাল, পিতা নারায়ন পাল। বাড়ি মধ্যে বক্সনগর পালপাড়া। দ্বিতীয় জন হলেন বিশ্বজিৎ নম, পিতা চিত্তরঞ্জন নমঃ। বাড়ি বক্সনগর খনকার টিলা এলাকায়। তৃতীয় জন হলেন প্রদীপ দাস, পিতা অজিত দাস। বাড়ি বক্সনগর রাজ বাড়ি সংলগ্ন এলাকায়। তবে পাচারকারী বুলেরো গাড়ির মালিকের নাম হল দুলাল শীল (কেরু)। এই ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার সাব-ইন্সপেক্টর রিয়াঅং মনি হালাম সহ পুলিশ ও টি এস আর বাহিনী সহ বিএসএফ’র উর্দ্ধতন কর্তৃপক্ষরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেন।
একটি সূত্রে জানা গেছে, দশ লক্ষ টাকার কাপড় ছিলো গাড়িতে। অভিযোগ, কলমচৌড়া এলাকার মঙ্গল সরকার, মানিক মিয়া ও ছেঁড়া উদ্দীন, দুলাল শীল (কেরু) নামে চার পাচারকারী দীর্ঘ কয়েক বছর যাবৎ কলমচৌড়া বৈষ্ণব চৌমুনী ও গলাচিপা সীমান্ত এবং কমলনগর সীমান্ত দিয়ে অবৈধ পাচার সামগ্রী বাংলাদেশে পাচার করে থাকেন। যে গাড়িটি করে অবৈধ পাচার সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল এই বোলেরো গাড়িটি ছিল বক্সনগর গ্রাম পঞ্চায়েতের শাসক দলের মেম্বার দুলাল শীলের। গাড়ি চালক ছিলেন বিশ্বজিৎ দাস।বাড়ি বক্সনগর খনকার টিলা এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার সকালে কলমচৌড়া থানায় বিএসএফ’র পক্ষ থেকে গাড়িচালক বিশ্বজিৎ দাসের নামে একটি মামলা করা হয়।
