বাইক ও সিমেন্ট বোঝাই লড়ির সংঘর্ষে গুরুতর আহত এক যুবক

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৮ জানুয়ারি || কল্যাণপুর থানাধীন কমল নগর এলাকায় আবারো গুরুতর পথ দুর্ঘটনা ঘটে। এবার দুর্ঘটনার কবলে ওএনজিসিতে কর্মরত এক যুবক। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার শীতের সকালে ঘন কুয়াশায় খোয়াই তেলিয়ামুড়া সড়কে বাইক এবং সিমেন্ট বোঝাই লড়ির সংঘর্ষের জেরে বাইক চালক অজিৎ শীল (৩২) গুরুতর আহত হয়। আহত অজিৎ শীল খোয়াই থানাধীন ধলাবিল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তেলিয়ামুড়ার কোন একটা জায়গায় নিজের কর্ম ক্ষেত্রে যাওয়ার উদ্দেশ্যে সকাল বেলা নিজ বাইক নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে পড়েন অজিৎ। কল্যাণপুর থানাধীন কমলনগর এলাকাতে আসতেই বিপত্তি, বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই লরির সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। সংঘর্ষের জেরে বাইকটি প্রায় দুমড়ে-মুচড়ে যায় এবং বাইক চালক অজিৎ গুরুতর ভাবে আহত এবং রক্তাক্ত হয়ে তেলিয়ামুড়া খোয়াই সড়কে লুটিয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থেকে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তৎক্ষণাৎ ছুটে গিয়ে আহত অজিতকে উদ্ধার করে কল্যাণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এরপর সেখানে প্রাথমিক চিকিৎসার পর আঘাত গুরুতর হওয়ায় তাকে খোয়াই জেলা হাসপাতালে রেফার করা হয়। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে অজিত শীল।
উল্লেখ্য, দু’দিন আগেও সংশ্লিষ্ট এলাকায় স্কুটি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল ২২ বছরের কলেজ পড়ুয়া টুটন দেবনাথের। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও গুরুতর দুর্ঘটনার খবর। অনুমান করা হচ্ছে ঘন কুয়াশার জেরেই এই ঘটনা সংঘটিত হয়েছে। দিনের-পর-দিন কল্যাণপুর থানাধীন বিভিন্ন এলাকায় যেভাবে সড়ক দুর্ঘটনার ঘটনা বাড়ছে তা নিয়ে আতঙ্কে জন জীবন। দাবি উঠছে দূর্ঘটনা রোধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*