আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জানুয়ারি || গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ৭৩’তম প্রজাতন্ত্র দিবস। রাজ্যে ৭৩’তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত হয়েছে রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে। ৭৩’তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এদিন আগরতলাস্থিত আসাম রাইফেলস ময়দানকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়। বুধবার রাজ্যের রাজ্যপাল সত্যদিও নারাইন আর্য আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন। সঙ্গে সঙ্গে বিউগলের সুরে বেজে উঠে ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন অধিনায়ক জয় হে’-র সুর। প্রতিবছরের মতো আকর্ষণীয় প্যারেডে অংশ নেয় বেশকিছু প্লেটুন। সেলামী মঞ্চে প্রথাগত কুচকাওয়াজের অভিভাদন গ্রহন করেন রাজ্যপাল।
আসাম রাইফেলস ময়দানে ৭৩’তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন আসাম রাইফেলস ময়দানে বিভিন্ন বিদ্যালয়ের জাতি-উপজাতি ছাত্রছাত্রীদের নিয়ে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
