সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ আগস্ট || রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীরা পথ অবরোধে শামিল হল শুক্রবার। ঘটনা তেলিয়ামুড়া খোয়াই সড়কের লালটিলা এলাকায়। সংবাদে জানা যায়, লালটিলা থেকে দুষ্কি বিভিন্ন রাস্তাঘাট গুলি সংস্কারহীন অবস্থায় বর্তমানে রয়েছে। এই সব ধরনের দাবিকে সামনে রেখে এলাকাবাসীরা এদিন সকাল থেকেই রাস্তা অবরোধে বসে। এতে রাস্তার উভয় পাশে প্রচুর সংখ্যক যাত্রীবাহী যানবাহন আটকে পড়ে। এতে দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুরার পূর্ত দপ্তরের আধিকারিকরা। কিন্তু অবরোধকারীরা পূর্ত দপ্তরের আধিকারিকদের কথাবার্তা মানতে নারাজ। পরবর্তীতে অবরোধ চালিয়ে যেতে থাকে তারা। পরে অবস্থা বেগতিক বুঝে খবর পেয়ে অবরোধস্থলে গিয়ে হাজির হন তেলিয়ামুড়া মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি এবং অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন। অবশেষে আগামী ১৫ দিনের মধ্যে তাদের এই সমস্যা সমাধানের আশ্বাস দিলে দীর্ঘ সময় পর তেলিয়ামুড়া খোয়াই সড়ক অবরোধ মুক্ত করে অবরোধকারীরা। অবরোধের এর কারণে আগত কেন্দ্রীয় মন্ত্রীকে তেলিয়ামুড়া ঘিলাতলি হয়ে কল্যাণপুর যেতে হয় বলে জানা গেছে।
