আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট || ১৫ই আগস্ট ভারতের ৭৫’তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবের ডাক দেয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই অঙ্গ হিসেবে রবিবার সকালে রাজধানী আগরতলা শহরে কেন্দ্রীয়ভাবে আয়োজিত হয় প্রভাত ফেরি কর্মসূচী।
‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অঙ্গ হিসেবে এদিন জাতীয় পতাকা হাতে নিয়ে উমাকান্ত মাঠ থেকে রবীন্দ্রভবনের সামনে পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৬টি বিদ্যালয় সহ উমাকান্ত একাডেমির ছাত্রছাত্রীদের সুসজ্জিত অংশগ্রহণের মধ্য দিয়ে এই কর্মসূচি স্বার্থক রূপ পেয়েছে। এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রত্যেকটি নাগরিককে দেশের মহতি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
