আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর || ত্রিপুরা রাজ্যসভার একটিমাত্র আসনে বৃহস্পতিবার সম্পন্ন হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিন সকাল ৯ টা থেকে ত্রিপুরা বিধানসভার লবিতে রাজ্যসভার একটি আসনের জন্য উপ-নির্বাচন শুরু হয়, শেষ হয় বিকাল ৪টায়। ভোট গ্রহণ শেষে বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় ভোট গণনা। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রত্যাশিত ভাবেই এই উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব জয়ী হন। তিনি ৪৩টি ভোট পেয়েছেন। অপরদিকে বিরোধী দল সি পি আই (এম) প্রার্থী ভানু লাল সাহা ভোট পেয়েছেন ১৫টি।
এইদিন রাজ্য সভার উপ-নির্বাচনে জয়ী হওয়ার পর বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, যে দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করবেন। ত্রিপুরার মানুষের উন্নয়নের বিষয় গুলি তিনি সাংসদে তুলে ধরবেন।
এদিন রাজ্য সভার উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের জয় ঘোষণার পরই বিজেপি কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠে। প্রদেশ বিজেপি প্রভারি ডাঃ মহেশ শর্মা, বিজেপি’র রাষ্ট্রীয় মুখপাত্র ডঃ সম্বিত পাত্রা, রাজ্যে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা পুস্ত স্তবক হাতে তুলে দিয়ে বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানান। পাশাপাশি বিপ্লব কুমার দেবকে ফুলের মালা পরিয়ে হুড খোলা গারিতে নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠে আগরতলা শহরে।
