আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই || বিন্দুর থিমকে কেন্দ্র করে একটি মনমুগ্ধকর শিল্প প্রদর্শনী ‘ডোটামাটিজম’। শিল্পীদের একটি স্বতন্ত্র গোষ্ঠী দ্বারা আয়োজিত এই প্রদর্শনী শুরু হবে ২৮শে জুলাই থেকে, চলবে আগামী ৩০শে জুলাই পর্যন্ত। তিনদিন ব্যাপী এই প্রদর্শনী রাজধানীর নজরুল কলাক্ষেত্রের আর্ট গ্যালারিতে বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
প্রদর্শনীটি প্রতিষ্ঠিত এবং উদীয়মান উভয় শিল্পীদের একটি সারগ্রাহী মিশ্রণ। প্রদর্শনীর শোভায় থাকছে প্রতিকি চিত্র, ভাস্কর্য, ডিজিটাল আর্ট, ইনস্টলেশন এবং মিশ্র মিডিয়া ও ফটোগ্রাফি।
প্রদর্শনীতে উপস্থিত থাকবেন এন আই টি আগরতলার ডিন ডঃ জন দেববর্মা ও সরকারি চারু ও কলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ ভাট্টাচার্য।
মানুষকে উদবুদ্ধ করতে ও শিল্পীদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য শেষ দিনে শিল্প জগতের বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে একটি টক শো’রও আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে উপস্থিত থেকে শিল্পীদের উৎসাহ প্রদানে সকলের প্রতি আহবান করা হয়েছে।
