আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জানুয়ারি || রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আয়োজিত ৪৫ দিন ব্যাপী ভাস্কর্য কর্মশালা পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় বিদেশ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মিনাক্ষী লেখি। তিনদিনের রাজ্য সফরে এসে শুক্রবার সফরের শেষ দিনে তিনি ছবিমুড়া পরিদর্শন করেন।
এরপর কেন্দ্রীয় রেল মন্ত্রক ও সংস্কৃতি মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই ভাস্কর্য কর্মশালা পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কর্মশালায় যে সব ভাস্কর্য তৈরী করা হচ্ছে তা আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী ক্ষেত্র বারানসীর সৌন্দর্য্য বিকাশে বিভিন্ন জনবহুল এলাকায় স্থাপন করা হবে। দেশে এই ধরণের উদ্যোগ প্রথম বারের মতো নেওয়া হয়েছে। তিনি বলেন, এই উদ্যোগের ফলে দেশ তথা বহির্বিশ্বের জনগণের নিকট ত্রিপুরার শিল্পীদের উৎকৃষ্ট কারিগরি পৌঁছে যাবে। তিনি বলেন, ছবিমুড়া, ঊনকোটির মতো রাজ্যের পর্যটন স্থলগুলিতে ভারতীয় সনাতন সংস্কৃতির ছোঁয়ায় পরিপূর্ণ। এইগুলিকে আরও প্রচার ও প্রসারের মাধ্যমে রাজ্যের পর্যটন পরিকাঠামোকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পরিদর্শনকালে সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য ও যুগ্ম অধিকর্তা সঞ্জীব চাকমা সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ।
