আন্তর্জাতিক ডেস্ক ।। চীনের রাজধানী বেইজিংয়ে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। ধূমপানবিরোধী নতুন একটি আইন চালু করার পর আজ থেকে দেশটিতে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হল। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, চীনে ৩০ কোটির বেশি ধূমপায়ী আছে। দেশটিতে প্রতিবছর ধূমপান-সংশ্লিষ্ট রোগে ১০ লাখের বেশি মানুষ মারা যায়। বেইজিংয়ে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করতে নতুন আইনের বিষয়ে আইনপ্রণেতারা ২০১৪ সালের নভেম্বরে একমত হন। তবে তা আজ থেকে কার্যকর হয়েছে। কঠোর বিধিনিষেধের আওতায় বেইজিংয়ের রেস্তোরাঁ, অফিস ও গণপরিবহনে ধূমপান করা যাবে না। নিষেধাজ্ঞা কার্যকরে হাজারো পরিদর্শক সক্রিয় থাকবেন। বেইজিংয়ে কোনো ব্যক্তি আইন ভেঙে প্রকাশ্যে ধূমপান করলে তাকে ২০০ ইউয়ান জরিমানা গুনতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই হাজার টাকা। ২০১১ সালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের সব জনপরিসরে ধূমপান নিষিদ্ধ করে নির্দেশনা প্রকাশ করে। কিন্তু ওই আইনে থাকা অস্পষ্টতার সুযোগ গ্রহণ করে ধূমপায়ীরা। ফলে দেশটিতে ধূমপান প্রতিরোধ বহুলাংশে ব্যর্থ হয়।
